ডাকসু-জাকসুর মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার বিকাশ ঘটছে: ড. আতিক মুজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম-এর চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ বলেছেন, ডাকসু ও জাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার হচ্ছে।

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন সবাই দেখছে। এখন আর পেশিশক্তির প্রভাব চলে না, সর্বত্রই বুদ্ধিবৃত্তিক চর্চা চলছে। ডাকসু নির্বাচনে যে দলই বিজয়ী হোক, যাদের যোগ্যতা, মেধা ও নেতৃত্বদানের সক্ষমতা আছে, তাদেরই প্রশংসা করা হচ্ছে। এটিই বাংলাদেশের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে বিপরীত পক্ষের জেতাকেও সম্মান জানানো হচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ের জুলাই শহীদ স্মৃতি পাঠাগারে আয়োজিত শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখা এবং সার্বিক সহযোগিতা করে ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম।

ড. আতিক মুজাহিদ আরও বলেন, ইতিহাসে দেখা যায়, রাজা-বাদশাহরাও যুদ্ধক্ষেত্রে দাবা খেলতেন। কারণ দাবায় দক্ষ যিনি, যুদ্ধ পরিচালনায়ও তিনি ছিলেন বেশি কৌশলী। আমাদের ছাত্রদেরও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য মেধা, মনন, শারীরিক ও মানসিক বিকাশ জরুরি। তাই শিক্ষার্থীদের উন্নয়নমুখী কার্যক্রমে আমরা সবসময় পাশে থাকবো।

দাবা প্রতিযোগিতায় মোট ১৬ জন অংশ নেন। এতে রাকিব হাসান চ্যাম্পিয়ন ও রানা মিয়া রানার-আপ হন। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ নুর আলমের পিতা মো. আমের আলী, গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদেকুর রহমান, সংগঠক ইরফান আলী ইরন, মারুফ আহমেদ মাফি প্রমুখ।

Share With