ফুলবাড়ী সীমান্তে রাস্তা মেরামতে বিএসএফ, সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দিনহাটা-টু কুর্শাহাট সড়ক মেরামতের কাজ শুরু করেছে। এ সময় সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার কিশামত করলা এলাকায় শুন্য রেখা থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বিএসএফের উদ্যোগে সড়ক খনন ও সংস্কার কাজ শুরু হয়। এতে অংশ নেয় কিশামত করলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তারা দুটি এক্সকাভেটর, কয়েকটি ট্রাক্টর এবং শ্রমিক ব্যবহার করে কাজ চালান।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের একটি দল সীমান্তে উপস্থিত হয়। সকাল নয়টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ১-এর পাশে বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দুলালের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফকে সৌজন্য সাক্ষাতের আহ্বান জানান।

বিজিবির আমন্ত্রণে কিশামত করলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাক্ষাতে যোগ দেন। পরে সৌজন্য সাক্ষাত শেষে বিজিবির দুই সদস্য বিএসএফ সদস্যদের সঙ্গে সড়ক মেরামতের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Share With