কুড়িগ্রাম সদর উপজেলা ঘোগাদহ ফুটবল মাঠে অনুষ্ঠিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থকরা।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থক মেহেদী হাসান একটি গোল করে দলকে এগিয়ে নেন। কিছুক্ষণ পরই ব্রাজিল সমর্থক শাহীন আলম সমতা ফেরান।
নির্ধারিত সময় শেষে ১-১ ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শট শেষে ফলাফল নির্ধারণ না হওয়ায় ম্যাচ যায় সাডেন ডেথে। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা এক গোল বেশি দিয়ে জয় ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, এর আগে একই মাঠে অনুষ্ঠিত আরেকটি ম্যাচে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করেছিল। ফলে এবারের জয় আর্জেন্টিনা সমর্থকদের জন্য ছিল প্রতিশোধের মতো আনন্দঘন মুহূর্ত।
খেলা উপভোগ করতে আসা দর্শক সিহাব হাসান, রাশেদুজ্জামান, সাদিক হাসান জানান, ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। বিশেষ করে টাইব্রেকারের প্রতিটি মুহূর্তে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মতে, এমন আয়োজন এলাকায় তরুণদের ফুটবলে আগ্রহ আরও বাড়াবে।