ফুলবাড়ীতে পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মধ্য কাশিপুর এলাকার এনামুল হক এনা (২৮) এবং একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবারই আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি শওকত আলী সরকার।

Share With