দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। আগামী ১১ অক্টোবর, শনিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উলিপুর এম. এস. স্কুল মাঠে হবে অনুষ্ঠানের আংশিক চিত্রধারণ।
ইতোমধ্যে উলিপুর জুড়ে শুরু হয়েছে ‘ইত্যাদি–উন্মাদনা’। তবে অনেকেই জানতে চাচ্ছেন—টিকিট পাওয়া যাবে কোথায়? দামই বা কত?
আসলে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের কোনো টিকিট বিক্রি করা হয় না। অর্থাৎ, এটি টিকিটবিহীন অনুষ্ঠান। আবার ফ্রি প্রবেশেরও সুযোগ নেই।
অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কেবল আমন্ত্রিত অতিথি ও ভিআইপি ব্যক্তিবর্গ, যেমন—জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শীর্ষ সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাধারণ দর্শকের জন্য মাঠে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। শো চলাকালীন পুরো এলাকা থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায়, যেখানে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন।
তবে সাধারণ মানুষ চাইলে দুপুরের মধ্যে নির্দিষ্ট এলাকার বাইরে থেকে ঘুরে দেখতে পারবেন ইত্যাদির শুটিং প্রস্তুতি ও আয়োজকদের ব্যস্ততা।
অনুষ্ঠানটির চিত্রায়িত অংশ ৩১ অক্টোবর রাত ৮টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। সম্প্রচারের কিছুদিন পর এটি ইউটিউবেও দেখা যাবে।