কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল হক বকসি প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার জানান, ২০২৫–২০২৬ অর্থবছরে ৭ ধরনের শাক-সবজির বীজ বসতবাড়িতে চাষের জন্য ১৫০ জন কৃষককে দেওয়া হয়েছে।
এছাড়া ২৫০ জন কৃষককে ৪ প্রকার বীজের মধ্যে ১ প্রকার বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কৃষক আইয়ুব আলী বলেন, “বীজ ও সার পেয়ে আমি অত্যন্ত খুশি। এ বছর বসতবাড়িসহ আমার জমিতে শাকসবজি চাষ করেছি, আশা করছি ভালো ফলন হবে।”
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, “বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা আরও উৎসাহিত হয়ে ব্যাপকভাবে ফসল উৎপাদনে মনোযোগী হবে। এতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।”