রাজারহাটে ফ্রিজের বাসি-পঁচা মাংস বিক্রি, দুই বিক্রেতাকে জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে ফ্রিজে রাখা বাসি ও পঁচা মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে উদ্ধার করা পঁচা মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের পর উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাংস বিক্রেতা আকতার হোসেন ও দারবাগ আলী ফ্রিজে সংরক্ষিত বাসি-পঁচা গরুর মাংস বিক্রি করছিলেন। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের হাতে-নাতে আটক করে।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ।

Share With