কুড়িগ্রামে ট্রলিচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী-ফুলবাড়ি সড়কে ইটভর্তি ট্রলির ধাক্কায় সামান আলী (৬০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাল স্কুল মোড় আজিদা নাহার মাদরাসা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামান আলী নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিরারভিটা বটতলা এগারোমাথা এলাকার বাসিন্দা। তিনি সাইকেল চালিয়ে নাগেশ্বরী থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। পথে একটি ইটভর্তি ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলিটি চালাচ্ছিলেন মো. হাসেম আলী (২৮)। তার বাড়ি এগারোমাথা বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ট্রলির মালিক মৃত হাসেন আলীর ছেলে মো. সহিদুল ইসলাম (৩৩)। নিহত ব্যক্তির পাশের এলাকার বাসিন্দা তিনি। ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নাগেশ্বরী থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। দোষী পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share With