কুড়িগ্রামে চেতনানাশক খাইয়ে স্বর্ণ ও টাকা লুট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চেতনানাশক খাইয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে ওই এলাকার ছক্কু মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তা ছক্কু মিয়া (৫৫), তাঁর স্ত্রী মোছা. মুসলিয়া বেগম (৪৫), মেয়ে রুমানা (১৮) ও ছোট ছেলে মাসুম (৮) শনিবার সন্ধ্যার পর থেকেই মাথা ঘোরা ও ঘুম ঘুম অনুভব করতে থাকেন। মাগরিবের পর তারা সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

এরই মধ্যে সুযোগ নেয় দুর্বৃত্তরা। রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাড়ির বেড়া কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা ও একটি পুরনো সাইকেল নিয়ে যায়।

ফজরের সময় গৃহকর্তা ছক্কু মিয়ার জ্ঞান ফিরলে তিনি দরজা খোলা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে চেতনানাশক মিশিয়ে পরিবারটিকে অচেতন করে চুরির ঘটনাটি ঘটানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ছক্কু মিয়া মূলত ধরণীবাড়ি বাকারা মধুপুর এলাকার বাসিন্দা। প্রায় তিন বছর আগে তিনি বর্তমানে বসবাসরত স্থানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

Share With