কুড়িগ্রামে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত বিবাহিত বেটির বাপ বনাম বিবাহিত বেটার বাপ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু প্রতিযোগিতা।

শনিবার (০৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই খেলায় মুখোমুখি হয় দুটি দল বিবাহিত বেটির বাপ বনাম বিবাহিত বেটার বাপ। পরে জয়লাভ করে বিবাহিত বেটির বাপ দল।

খেলার মূল প্রতিপাদ্য ছিল খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহাম্মদ আলী, প্রিন্সিপাল, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা ও সভাপতি, পূর্ব বালাকান্দি দাখিল মাদ্রাসা।

এসময় আহাম্মদ আলী বলেন, এই খেলায় অংশগ্রহণকারীরা সবাই বিবাহিত এবং ৩৫ বছরের ঊর্ধ্বে। খেলার মাধ্যমে তারা আবারও তাদের তরুণ বয়সের উচ্ছ্বাস অনুভব করবে।

বেটার বাপ দলের অধিনায়ক নুর আলম বলেন, একসময় গ্রামে এ খেলার অনেক প্রচলন থাকলেও এখন এসব খেলা বিলুপ্তির দিকে,হামরা চাই হামারগুলার মাধ্যমে এই খেলা আবার সব গ্রামে গ্রামে ছড়িয়ে পরুক। এটা যে হামার জাতীয় খেলা সেটা বাস্তবে রুপ দেউক।

খেলা শেষে দর্শক ও অতিথিরা জানান, এমন আনন্দঘন আয়োজন সমাজে ঐক্য, বন্ধন ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share With