বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম জেলা ইউনিট।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ৩৫তম বিসিএস কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসময় সম্পূরক বক্তব্য রাখেন প্রভাষক মো. মমিনুল হক ও চন্দন কুমার সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। বক্তারা দ্রুত ডিও লেটার জারি করে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানান।

তারা আরও জানান, আগামী ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ১৩ নভেম্বর থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় শিক্ষকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।