কুড়িগ্রামের ৭ জেলে ভারতের কারাগার থেকে মুক্তি—শিগগিরই দেশে ফিরবেন

দীর্ঘদিন ভারতের বিভিন্ন কারাগারে আটক থাকার পর কুড়িগ্রামের সাত জন জেলে অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের প্রত্যাবর্তন সংক্রান্ত সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে গৌহাটিস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জেলেদের মুক্তি ও দেশে ফেরানো বিষয়ে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন সমন্বিতভাবে কাজ করে আসছিল। তাদের ধারাবাহিক প্রচেষ্টায় ভারতের আদালতে আইনি নিষ্পত্তি শেষ হয়েছে এবং এখন দেশে ফেরানোর প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও জানানো হয় যে, আটক জেলেরা দীর্ঘদিন মানবিক ও আইনগত সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি বিভিন্ন সময়ে উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলে শেষ পর্যন্ত তাদের মুক্তির পথ তৈরি হয়।

গৌহাটি সহকারী হাইকমিশন জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সাত জেলেকে বাংলাদেশে পাঠানো হবে।

স্থানীয় পরিবারগুলো দীর্ঘ প্রতিক্ষার পর প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছে। জেলেদের দেশে ফেরার তারিখ নির্ধারণ হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।

Share With