কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে নাগেশ্বরী কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী বিএসসি, কুড়িগ্রাম-১ আসনের হাতপাখার প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলার আমির মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম, খেলাফত মজলিসের নাগেশ্বরী উপজেলার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক কে এম. এম. আবুল হাসান প্রমুখ।
মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির হাজারো নেতা–কর্মী অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, উক্ত আদেশের ওপর গণভোট ও পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ দাবির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করতেই আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করা জরুরি।