কুড়িগ্রামে উচ্চ শব্দে গান-বাজনায় কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন

কুড়িগ্রাম জেলায় শীতকালীন অনুষ্ঠান, বনভোজনসহ বিভিন্ন সামাজিক আয়োজনে নিয়মবহির্ভূতভাবে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের অভিযোগ বাড়ছে। এতে শিক্ষার্থীদের চলমান বার্ষিক ও সমাপনী পরীক্ষার প্রস্তুতিতে মারাত্মক বিঘ্ন ঘটছে।

পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে জনভোগান্তি কমাতে জেলা প্রশাসন, কুড়িগ্রাম একটি বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আবাসিক এলাকা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নির্ধারিত শব্দসীমা অতিক্রম করা শাস্তিযোগ্য অপরাধ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ড—উভয়ই প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুড়িগ্রামকে একটি শব্দদূষণমুক্ত পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, পরীক্ষার সময়সহ যেকোনো সময়ে অপ্রয়োজনীয় উচ্চ শব্দ উৎপাদন থেকে বিরত থাকতে।

জনস্বার্থে — জেলা প্রশাসন, কুড়িগ্রাম।

Share With