মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসের শুরুতে ১৬ ডিসেম্বর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মিজ্ অন্নপূর্ণা দেবনাথ মহোদয় এবং পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা এবং উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
মহান বিজয় দিবসের এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।