কুড়িগ্রামে বিজয় দিবসে পার্কে তালা, হতাশ শিশুরা

বিজয় দিবস উপলক্ষে জেলার সব শিশু পার্ক বিনা টিকিটে উন্মুক্ত থাকার নির্দেশনা থাকলেও বাস্তবে তা দেখা যায়নি।

এদিন কুড়িগ্রামের জেলা পরিষদের অধীন শিশু পার্ক বন্ধ থাকায় এবং পৌরসভার শিশু পার্ক কার্যত অকেজো থাকায় শিশুরা আনন্দ উদযাপন থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ শিশু ও অভিভাবকদের।

বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ পরিচালিত শিশু পার্কের সামনে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকে তালা দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছে শিশুরা।

এ সময় শ্রেয়া সরকার নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “আজ স্কুল বন্ধ, সকালে দেরি করে উঠেছি তাই স্টেডিয়ামও যাওয়া হয়নি, শিশু পার্কে এসে দেখি পার্কে তালা দেওয়া।”

তনুশ্রী পাল নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, “পার্ক বন্ধ। তাই এসে ফিরে যাচ্ছি।”

এদিকে পৌরসভার শিশু পার্কটি নামমাত্র খোলা থাকলেও অধিকাংশ রাইড নষ্ট থাকার কারণে নিরাপত্তা ঝুঁকি এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ করেছেন অনেক অভিভাবক।

রাজারহাট উপজেলা থেকে আসা শিক্ষার্থী দিগন্ত সরকার বলেন, “জেলা পরিষদের পার্ক বন্ধ, পৌরসভার পার্কে আসলাম এখানে তো কিছুই নাই, ফাঁকা মাঠ ছাড়া।”

এ বিষয়ে কথা বলার জন্য জেলা পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

তবে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বিকাল ৩টার দিকে বলেন, “সকালে শিশুরা স্টেডিয়ামে ছিল। দিনব্যাপী ওটা (পার্ক খোলা থাকার কথা) দিতে হয়, দিয়েছি। তাছাড়া পৌরসভার পার্কটি অকেজো, আর জেলা পরিষদের পার্ক আমরা বুঝে পাইনি, তাই বাচ্চাদের নিরুৎসাহিত করছি। আমি বলতেছি বিকালে খুলে দেবে।”

জেলা প্রশাসক আশ্বাস দিলেও সন্ধ্যার দিকে আবার গিয়েও পার্কটি বন্ধ দেখা যায়।

Share With