কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মো. রিয়াজ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর,২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে দাঁতভাঙ্গা–রৌমারীগামী ডিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ ওই গ্রামের আল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার পিতার সঙ্গে সড়কের পাশে কাজ করার সময় হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাৎক্ষণিকভাবে তার পিতা ও স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।