কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালে রোগীর চাপ

কুড়িগ্রামে তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয় ও নিউমোনিয়াসহ নানা রোগে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪২ জন। একই সময়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ৮৪ জন। ফলে ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে, যা হাসপাতালের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

চিকিৎসকরা বলছেন, তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা ও স্বাস্থ্যবিধি অবহেলার কারণে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দুর্বল রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শীত যত বাড়ছে, ততই শীতজনিত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এ অবস্থায় উষ্ণ পোশাক ব্যবহারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Share With