কুড়িগ্রামে দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে কৃষকের এক একর ভুট্টা ক্ষেত ধ্বংস

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে এক অসহায় কৃষকের এক একর জমির ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামে। স্থানীয়দের জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ভুট্টা ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে। পরদিন সকালে ক্ষেত পরিদর্শনে গিয়ে কৃষক দেখেন, পুরো জমির ভুট্টা গাছ ঝলসে গেছে এবং ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ভুট্টা চাষে তিনি ধার-দেনা করে বিনিয়োগ করেছিলেন। ফসল বিক্রি করেই সংসার চালানোর কথা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় কৃষকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একই সঙ্গে কৃষকদের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

Share With