কুড়িগ্রামে পারিবারিক বিরোধে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার আঘাতে মামার মৃত্যুর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের টিটামার পাড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনিছুর রহমান (৪৮) তার মামা খায়রুল হক (৬৫)-এর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে খায়রুল হক গুরুতর আহত হন।

আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম-এর নির্দেশনায় উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন,
“পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান আছে।

Share With