ফুলবাড়ীতে জাতীয় পার্টির নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচনী প্রচারের শেষদিন বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে চারটার দিকে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. পনির উদ্দিন আহমেদ।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. হারুনুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার মইনুল হক, আহ্বায়ক মো. জামাল (বিএসসি) ও সাধারণ সম্পাদক মো. শাহিনুর মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পনির উদ্দিন আহমেদ বলেন, “আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে করোনাভাইরাসের কারণে সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয়েছে। সে সময় ফুলবাড়ীর জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

নির্বাচনী গণমিছিল ও জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

Share With