কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানার পুলিশের তত্ত্বাবধানে এক চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয় এবং সশস্ত্র সালাম প্রদানের পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে রাত আনুমানিক ৯টার দিকে তার নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ শতশত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামে। তিনি এলাকায় অত্যন্ত সহজ-সরল, বিনয়ী ও মিশুক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Share With