ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক জারি করা সকল আদেশ-নিষেধ কঠোরভাবে প্রতিপালন করতে হবে। পূর্বের চেয়ে আরও বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। নির্বাচন ঘিরে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা।

জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে ঘিরে কুড়িগ্রাম জেলায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।

Share With