কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

জেলার নাগরিকদের নিরাপত্তা জোরদার ও সেবার মান আরও উন্নত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা সম্পর্কে পুলিশ সুপার অবগত হন এবং সেগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের মোট ১১ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জানুয়ারি মাসের আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।সভায় সন্ত্রাসবাদ দমন, সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনের আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. রাসেল কবির, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামানসহ জেলার সকল থানা ও ইউনিট প্রধান এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Share With