এয়া/রগা/ন ব্যবহার করে পাখি শিকারের অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় পাখি শিকারের সময় স্থানীয়রা জয়নাল আবেদীনকে হাতেনাতে আটক করেন। এ সময় তার ব্যাগ থেকে শিকার করা আটটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ। শুনানি শেষে আদালত জয়নাল আবেদীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন পাশ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।