একজন চিকিৎসককে কর্মস্থলে ন্যূনতম তিন বছর থাকতে হবে: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং এজন্য চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে কমপক্ষে তিন বছর অবস্থান নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, “কুড়িগ্রামকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পড়া নই। আসুন সবাই মিলে কুড়িগ্রামকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন জেলায় রূপান্তর করি।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার। মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এবং জাতীয় নাগরিক কমিটি (এসপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ফেরদৌস লাভলুসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। এর আগে দুপুর ১২টার দিকে সংসদ সদস্য উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

একই দিনে বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসায় আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. আতিক মুজাহিদ। নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর সামচুল হুদা বাবুল মাস্টার।

ইফতার মাহফিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বিশেষ করে স্বাস্থ্যখাতের উন্নয়নকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

Share With