ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক, ৭ ঘণ্টা পর দুই ভারতীয় নাগরিক ফেরত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আটক দুই ভারতীয় যুবক হলেন— ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটকের ৭ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share With