উলিপুরে ব্রহ্মপুত্রের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গরু চরাতে গিয়ে ব্রহ্মপুত্র নদের স্রোতে ডুবে তৈয়ব আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত চর গুজিমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ওই এলাকার আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী তার গৃহপালিত ১০–১২টি গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যান। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। নদীর স্রোত বেশি থাকায় দুটি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।এ ঘটনায় তার দুটি গরুও নিখোঁজ রয়েছে। তবে গরু দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান।

হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদীর চ্যানেলে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তার মৃত্যু হয়েছে এবং দুটি গরুও হারিয়ে গেছে। এটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে বিষয়টি নৌ পুলিশকে অবগত করা হয়েছে।

Share With