ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীরবর্তী একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সকাল ৯টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তি স্থানীয় নন। স্থানীয় কেউ হলে তাকে অনেকে চিনতে পারতেন। কেউ কেউ সন্দেহ করছেন, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

পুলিশ বলছে, নানাভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন বলেন, এটি আত্মহত্যা হতে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share With