কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে তুলনামূলক স্বচ্ছলদের মাঝে চাল বিতরণের অভিযোগ করেছেন স্থানীয়রা।
ধরলা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নামদেল আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ। দিন করে দিন খাই। কাজ না করলে পেটে ভাত যায় না। আমাকে এবার ঈদের চাল দেয় নাই। কেন দিলো না? আমরা কি চাল পাওয়ার যোগ্য না? আমরা কি এ দেশের নাগরিক না? আমরা কি ভোট দেই না?”
তিনি আরও বলেন, “আমার মতো অনেক গরিব মানুষ চাল পায় নাই। যারা পাইছে, তাদের অনেকেই ভালো অবস্থার মানুষ। তারা চাল নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে। এই চাল কি গরিবদের জন্য না?”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য সরকার বরাদ্দ দেয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ মার্চ) পাঁচগাছী ইউনিয়নে ৭ হাজার ২০০ পরিবার এই সহায়তা পাওয়ার কথা থাকলেও বাস্তবে অসংখ্য দরিদ্র পরিবার বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সর্দারপাড়া এলাকার বাসিন্দা শেখ সাদি জানান, “ইউনিয়ন পরিষদে চাল বিতরণ হলেও দেখা যাচ্ছে, বেশিরভাগ স্বচ্ছল পরিবার চাল পাচ্ছে। তারা আবার সেই চাল বাইরে বিক্রি করছে। অথচ প্রকৃত গরিবরা কিছুই পায়নি। চেয়ারম্যান ও মেম্বারের লোকজনই বেশি সুবিধা পেয়েছে।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, “অনেক হতদরিদ্র মানুষ চাল পায়নি—বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। যারা পায়নি, তাদের তালিকা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”