পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামে প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কুড়িগ্রাম পৌর এলাকার পলাশবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে সুইড বাংলাদেশের সহায়তায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়নকর্মী মোঃ ইউনুছ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইলমুন নাহার বেগম, প্রতিবন্ধী বিষয়ক শিক্ষক শারমিন আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তাদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে সহযোগিতা বাড়াতে হবে। ঈদের মতো উৎসবে তাদের আনন্দ নিশ্চিত করা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৫০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এ আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং তাদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।