কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে এনামুল হক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক একই ইউনিয়নের পূর্ব পাঠক গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সুপারি বাগান ক্রেতা নুরজ্জামাল এনামুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বিকেলে আমবাড়ি গ্রামের আব্দুল জব্বারের বাড়ির সুপারি বাগানে গাছে উঠে সুপারি পাড়ার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে।
এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।