‘পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার ৭৫তম বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উদযাপন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
সকালেই মাদরাসার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে মাদরাসার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকেলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল এবং সাবেক শিক্ষার্থী ও বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী।
প্লাটিনাম জুবিলিতে উপস্থিত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, এটি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। নবীনরা প্রবীণ শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, “ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা দীর্ঘ ৭৫ বছর ধরে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বর্তমানে মাদরাসায় প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।”