ভূরুঙ্গামারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ সরকারসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহতা ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার ঘটনা গভীরভাবে স্মরণ করেন। তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়।

Share With