কুড়িগ্রামে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, টার্গেট ২.৭১ লাখ শিশু

আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত কুড়িগ্রামসহ সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা দেওয়া হবে।

এ উপলক্ষে আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। তিনি বলেন, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এই তিন সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত শিশুদের মধ্যে ছেলে ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। তাদের টিকা দিতে জেলায় ১০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এজন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও জানান, টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, কর্মসূচি চলাকালে কোনো ধরনের জটিলতা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি থাকবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রাম জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।

Share With