কুড়িগ্রামে তেল নিতে গিয়ে সিগারেটের আগুনে পুড়লো মোটরসাইকেল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফিলিং স্টেশন এলাকায় ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী তেল নেওয়ার পর ট্যাংকির মুখ বন্ধ না করেই সিগারেট পান করতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

Share With