কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘নববর্ষ প্রকাশনা উৎসব—২০২৬’ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘নববর্ষ প্রকাশনা উৎসব—২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন প্রকাশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই উৎসব ১৯ ও ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমান এবং সাবেক জেলা সভাপতি ও বর্তমান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকাশনা উৎসবে সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার, ডায়েরি, ম্যাগাজিন এবং বিভিন্ন শিক্ষামূলক লিফলেট প্রদর্শন করা হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা স্টলগুলো পরিদর্শন করে প্রকাশনা সংগ্রহ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এই উৎসব ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

Share With