কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান গীতিকার তৌহিদ-উল ইসলাম এবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে উদ্দীপকে স্থান পেয়েছেন। প্রশ্নপত্রে তাঁর নাম ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপক অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে প্রশ্নপত্রে তৌহিদ-উল ইসলামকে ঘিরে এমন উদ্দীপক আসার খবর ছড়িয়ে পড়ার পর ফুলবাড়ীসহ পুরো কুড়িগ্রাম জেলায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা, অনেকেই তাঁকে কুড়িগ্রামের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে অভিহিত করছেন।

স্থানীয়দের মতে, তাঁর শিক্ষা, সৃজনশীলতা ও মানবিক উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামের এই গুণী ব্যক্তিত্ব ইতোমধ্যেই নিজ কর্ম ও অবদানে এলাকায় একটি অনন্য অবস্থান তৈরি করেছেন।
তৌহিদ-উল ইসলামকে নিয়ে প্রশ্নপত্রে উদ্দীপক অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।