কুড়িগ্রামে শিশু আয়েশা হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২ বছরের শিশু আয়েশা হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এ মানববন্ধনে আয়েশার বাবা-মা, নিকটাত্মীয়, এলাকাবাসীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আমজাদ হোসেন, নিহত আয়েশার বাবা আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা খুনিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জমা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী জোরালোভাবে কাজ করছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share With