রাজধানীর মহাখালী আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নীলিমা রানী সুমনা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, শনিবার রাতে আমতলী এলাকায় দুর্ঘটনার শিকার হলে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
নিহত সুমনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র বর্মনের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।