কুড়িগ্রামে স্বাভাবিক জ্বালানি তেল সরবরাহ, কমেছে দীর্ঘ ভোগান্তি

কয়েক সপ্তাহের টানা ভোগান্তির পর কুড়িগ্রামে স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে কমে গেছে যানবাহনের দীর্ঘ সারি, ফলে স্বস্তি ফিরেছে গাড়িচালকদের মাঝে।

সোমবার (০৪ মে) সকালে জেলার গুরুত্বপূর্ণ পাম্পগুলো ঘুরে দেখা যায়, যেখানে আগে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন মাত্র কয়েক মিনিটেই মিলছে ডিজেল, অকটেন ও পেট্রোল।

মেসার্স সাহা ফিলিং স্টেশনে তেল নিতে আসা ফিরোজ আল মামুন বলেন, “শান্তিতে তেল নিতে পারলাম, লাইনে দাঁড়াতে হয়নি। কয়েকদিন আগেও ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হতো, আজ কয়েক মিনিটেই তেল পেলাম।”

পাম্প মালিকরা জানান, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সব ধরনের যানবাহন তাদের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছে।

উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

Share With