ভূরুঙ্গামারীতে অভিনব কৌশলে ইয়াবা বিক্রি, স্বামী-স্ত্রী গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিনব পদ্ধতিতে পরিচালিত একটি ইয়াবা ব্যবসার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের রেললাইন বস্তি এলাকায় একটি বন্ধ মুদি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রি চলছিল। ক্রেতারা নির্দিষ্ট সংকেত অনুযায়ী দোকানের ঝাঁপে টোকা দিলে ভেতর থেকে জানালার ছোট একটি ফুটো দিয়ে ইয়াবা সরবরাহ করা হতো। বাইরে থেকে দোকানটি বন্ধ মনে হলেও ভেতরে চলত মাদক বেচাকেনা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের তত্ত্বাবধানে পুলিশ এই গোপন কৌশল শনাক্ত করে অভিযান চালায়।

গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে, ভূরুঙ্গামারী থানার এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করে।

Share With