কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়ালঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সকালে খায়রুল ইসলাম নিজ গোয়ালঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের একটি গাছবাগানে যান।

এ সময় পা পিছলে পড়ে গেলে সেখানে থাকা একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে তার হাত লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share With