কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক লোকমান হোসেন লিমনকে মারধর এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ আল নাহিদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে কুড়িগ্রাম শহরের মিঠাই মহলে চায়ের আড্ডায় অবস্থান করছিলেন লোকমান হোসেন লিমন। এ সময় তাকে মিঠাই মহলের তৃতীয় তলায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার পর আহত অবস্থায় লোকমান হোসেন লিমনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ আল নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো।
অভিযোগের বিষয়ে অপর অভিযুক্ত মাহমুদুল হাসান জুয়েলের বক্তব্য পাওয়া যায় নাই।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।