কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি এবং গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
মানবিক সহানুভূতি প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখা এবং দলটির যুব বিভাগ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। সম্প্রতি তাদের উদ্যোগে পরিবারটিকে শুকনো খাবারসহ চাল, ডাল, আলু, মাছ, তেলসহ ৫-৭ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, যুব বিভাগের উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ রনজু মিয়া, যুব বিভাগের ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আউয়াল এবং দুর্গাপুর মাস্টার পাড়া জামে মসজিদের খতিব মোঃ আক্তার আলী।
ক্ষতিগ্রস্ত পরিবারটি এ সময় সহানুভূতিশীল এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় বাসিন্দারাও এমন মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।