তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান

তিস্তা নদীর তীরবর্তী ও চরাঞ্চল এলাকায় আসন্ন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত তথ্য পৌঁছে দিতে সরকার ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২১ জুন থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নদ-নদীতে বন্যা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শনিবার রাতের বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব বিহার, আসাম ও সিকিম এবং বাংলাদেশের রংপুর বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০ জুন শনিবার তিস্তা নদীর নীলফামারীর ডিমলা ও রংপুরের কাউনিয়া উপজেলায় নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছিল।

অন্যদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এসব অঞ্চলের বৃষ্টির পানি তিস্তা, ধরলা ও দুধকুমার নদ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ফলে আজ রোববার থেকে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদের আশপাশের এলাকাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নদী তীরবর্তী এলাকার জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Share With