কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক্সকাভেটর (ভেকু) মালিক মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডিত মিজানুর রহমান (৩৫) রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া এলাকায় ব্রহ্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি সেখানে ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
একই অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে একটি মাহিন্দ্রা ট্রাক্টর (স্থানীয়ভাবে ‘কাকড়া’ নামে পরিচিত) জব্দ করা হয়। ট্রাক্টরের চালক সেলিম মিয়া, যিনি উত্তর বাগুয়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে, তাকেও আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী ইউএনও উজ্জল কুমার হালদার বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।