‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’ কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

“শিক্ষা জীবন শেষে তোমরা কর্মজীবনের যে নতুন ধাপে পদার্পণ করতে যাচ্ছ, সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। পদার্থবিজ্ঞানের ছাত্র হিসেবে যেকোনো কঠিন পরিস্থিতিকে যৌক্তিকভাবে মোকাবেলা করার মানসিকতা তোমাদের রাখতে হবে। মনে রাখবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও কুড়িগ্রাম সরকারি কলেজের সাথে তোমাদের আত্মিক বন্ধন চিরকাল অটুট থাকবে। এই বিদায় কেবলই আনুষ্ঠানিক, তোমাদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রেখে কলেজের গৌরব আরও উজ্জ্বল করবে— এটাই আমার প্রত্যাশা।”

আজ ১ জুলাই, ২০২৬ খ্রি. কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো: শহিদুল ইসলাম।

“চলে যাওয়া মানে প্রস্থান নয়, নয় বন্ধন ছিন্ন করা”— এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ এই বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বেলুন ও ফেস্টুনে সাজানো অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: সাইফুর রহমান সরকার। তিনি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষার আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান খান।

অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। এসময় পদার্থবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণ ও অনুভূতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Share With