উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলার নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
এর ফলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
এদিকে শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদী তীরবর্তী বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে পাউবো। একই সঙ্গে জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনা খাবার মজুতসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ চলমান রয়েছে।