কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের জেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা যুবশক্তির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে। তরুণদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবশক্তিকে সক্রিয় ভূমিকা রাখতে কাজ করা হবে।
এ সময় জেলা যুবশক্তির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতারা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।